আওয়ামী লীগ আমলে নানা অনিয়মের মধ্য দিয়ে দেশের ১১৩তম বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়’-এর অনুমোদন নিয়েছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ। কুষ্টিয়া হাউজিং স্টেটের ৬ ও ৭ নম্বর প্লটের ঠিকানায় শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দেওয়া হলেও বাস্তবে সেখানে কোনো বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব নেই। ক্ষমতার দাপটে হানিফ তার স্ত্রী ফৌজিয়া আলমের নামে এই বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিয়েছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর হানিফ ভারতে পালিয়ে কলকাতায় একটি ভাড়া ফ্ল্যাটে আশ্রয় নেন। তিনি ভারতে থেকেই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু রাখার চেষ্টা করেন। ২০২৪ সালের নভেম্বরে ট্রাস্টি বোর্ডে পরিবর্তন আনা হয়। হানিফের স্ত্রী ফৌজিয়া আলমের পরিবর্তে তার আস্থাভাজন হেলথকেয়ার ফার্মার সিইও হালিমুজ্জামানকে চেয়ারম্যান নিয়োগ করা হয়। ২০২৩ সালে অনুমোদনের সময় ফৌজিয়া আলম ছিলেন চেয়ারম্যান, হানিফ ছিলেন সদস্য, এবং অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই অধ্যাপক এবং একজন গার্মেন্টস মালিক।
বিশ্ববিদ্যালয়ের অনুমোদন প্রক্রিয়ায়ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কুষ্টিয়া হাউজিং স্টেটের ৬ ও ৭ নম্বর প্লটে হানিফের ভাই আতাউর রহমান আতার নির্মাণাধীন বাড়ির ঠিকানায় অনুমোদন নেওয়া হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত শুরু হলে সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়। জেলা পরিষদ কর্তৃপক্ষ জানায়, ডিজাইন না মেনে অবৈধভাবে ভবনের সপ্তম ও অষ্টম তলা হানিফকে মাসিক ৩ লাখ টাকায় ভাড়া দেওয়া হয়েছিল, যা করেছিলেন পলাতক আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, ২০২৪ সালের অক্টোবরে ট্রাস্টি বোর্ড পরিবর্তনের পর নভেম্বর থেকে কার্যক্রম শুরু হয়। ২৪ জন শিক্ষক ও ৩৭ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে পাঁচটি বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হয়, যেখানে প্রতি বিভাগে ৪০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন রয়েছে। ৩১ জুলাই পর্যন্ত ১০১ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হালিমুজ্জামান দাবি করেন, “হানিফ ও তার স্ত্রী ট্রাস্টি বোর্ড থেকে পদত্যাগ করেছেন। বর্তমানে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই।” তবে সূত্র বলছে, হানিফ কৌশলে ট্রাস্টি বোর্ড নিজের নিয়ন্ত্রণে রেখেছেন।
ইউজিসির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে অর্ধেকের বেশি স্থায়ী ক্যাম্পাসে গেছে এবং মাত্র ২০টি স্থায়ী সনদপত্র পেয়েছে।