মাদারীপুরের শিবচরে তিন মাস বয়সী শিশুকন্যা মারিয়াকে নদীতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তার মা রহিমা আক্তারের বিরুদ্ধে। পুলিশের জিজ্ঞাসাবাদে রহিমা এই ঘটনার কথা স্বীকার করেছেন। তবে পুলিশ ও পরিবারের দাবি, রহিমা মানসিকভাবে অসুস্থ।
পুলিশ সূত্রে জানা যায়, শিবচর পৌরসভার চকবাজার জামে মসজিদের মোয়াজ্জিন রফিকুল ইসলাম তার স্ত্রী রহিমা আক্তার, তিন মেয়ে ও শিশুকন্যা মারিয়াকে নিয়ে ডিসি রোড এলাকার হাজী আব্দুর রশিদ মোল্লার বাড়িতে ভাড়া থাকেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে রহিমা শিশু মারিয়াকে কোলে নিয়ে বাজারে যাওয়ার কথা বলে বের হন। প্রায় এক ঘণ্টা পর তিনি শিশু ছাড়া একা বাড়ি ফিরে আসেন।
বাসার লোকজন মারিয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে রহিমা অসুস্থ হয়ে পড়েন এবং অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। প্রথমে তিনি দাবি করেন, বাজারে যাওয়ার পথে কেউ তাকে অচেতন করে শিশুটিকে চুরি করেছে। আবার বলেন, তাকে শিবচর উপশহর এলাকায় ফেলে রাখা হয়েছিল। এমন বিভিন্ন বক্তব্যের মধ্যে কোনো সামঞ্জস্য না পাওয়ায় পুলিশ তদন্ত শুরু করে।
তদন্তের এক পর্যায়ে রহিমা স্বীকার করেন, তিনি শিশুটিকে উপশহর সংলগ্ন ময়নাকাটা নদীতে ফেলে দিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, মানসিক ভারসাম্যহীনতার কারণে রহিমা এই কাণ্ড ঘটিয়েছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শিশুটির বাবা রফিকুল ইসলাম বলেন, “আমার স্ত্রী প্রায় দুই মাস ধরে মানসিকভাবে অসুস্থ। মারিয়াকে নিয়ে বের হওয়ার পর সে একা ফিরে আসে। জিজ্ঞাসা করলে অসংলগ্ন কথা বলে। আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই।”
সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাউদ্দিন কাদের বলেন, “জিজ্ঞাসাবাদে রহিমা স্বীকার করেছেন, তিনি শিশুটিকে নদীতে ফেলে দিয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।” এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।