দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় যাত্রীবেশে এক দম্পতি ইজিবাইক চালককে অজ্ঞান করে তার ইজিবাইক ও মোবাইল ফোন ছিনতাই করেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে চক্রের এক সদস্যকে ইজিবাইকসহ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার শফিউল ইসলাম (৩৬) সিংড়া ইউনিয়নের মগলিসপুর এলাকার মৃত আনছার আলীর ছেলে। তাকে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে বগুড়ার ধুনট উপজেলার বহালগাছা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট সকালে ইজিবাইক চালক আপেল উদ্দিন কাজে বের হন। এ সময় এক দম্পতি যাত্রীবেশে তার ইজিবাইক ভাড়া করে স্বপ্নপুরি পার্কে যান। ফেরার পথে তারা চালকের সঙ্গে ভাব জমিয়ে চেতনানাশক মিশ্রিত সিগারেট খাওয়ান। পরে চালককে উপজেলার ফুটানি বাজার ঈদগাহ মাঠের পেছনে ফেলে রেখে তারা ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ইজিবাইক ও একটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নেন। এ ঘটনায় ইজিবাইকের মালিক বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় মামলা করেন।
গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ধুনট উপজেলার বহালগাছা এলাকায় অভিযান চালিয়ে শফিউল ইসলামকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইজিবাইকটি তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গ্রেপ্তার শফিউল ইসলামকে বুধবার দিনাজপুর আদালতে পাঠানো হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।