Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

নোয়াখালীতে হৃদয়বিদারক ঘটনা: স্বামীর মৃত্যুর ১২ মিনিট পর স্ত্রীরও মৃত্যু

নোয়াখালীর সেনবাগে স্বামীর মৃত্যুর মাত্র ১২ মিনিট পর স্ত্রীরও মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কেশারপাড় ইউনিয়নের উন্দানিয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

মারা যাওয়া দম্পতি হলেন ওই ইউনিয়নের আব্দুর জব্বার ভূঁইয়া বাড়ির বাসিন্দা ছায়দুল হক (৫৯) ও তার স্ত্রী বিবি মরিয়ম (৫৫)। তারা ৬ ছেলে ও ৩ মেয়ের জনক-জননী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৫টার দিকে ছায়দুল হক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবার তাকে দ্রুত কানকিরহাট বাজারের পল্লী চিকিৎসক রতন সূত্রধরের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে কানকিরহাট-হাসানপুর সড়কে অটোরিকশায় স্ট্রোক করে পড়ে যান বিবি মরিয়ম। তাকে পুনরায় একই চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করা হয়।

কেশারপাড় ইউপি সদস্য আবু তালেব টিপু জানান, শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় দম্পতিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।