
পুলিশ জানায়, গণপিটুনির শিকার হয়ে ওই যুবক মাটিতে পড়ে ছিলেন। পরে সকালের দিকে তার মৃত্যু হয়। মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
স্থানীয় বাসিন্দা আল আমিন ও মিজানুর রহমান সেন্টু জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে হলুদিয়া পূর্বপাড়ার জসিমের ছেলে দুদু মিয়ার ব্যাটারিচালিত অটোরিকশা চুরির উদ্দেশে মোটরসাইকেলযোগে তিন ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে। এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে। এ সময় দুজন পালিয়ে গেলেও একজন মোটরসাইকেলসহ আটক হয়। উত্তেজিত জনতা তাকে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে পড়ে থাকেন এবং সকালে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।