মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রামে ধান খেত থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত লিটন মিয়া (২৭) পশ্চিম নন্দগ্রামের সাত্তার মিয়ার ছেলে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা মসজিদের পাশে লিটন মিয়ার জবাই করা লাশ দেখতে পান। পরে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, সোমবার রাতে তাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।
স্থানীয়রা জানান, লিটন মিয়ার সঙ্গে এলাকার অনেকের বিভিন্ন সমস্যা ছিল। তিনি চুরিসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে তারা মনে করেন, এভাবে তাকে হত্যা করা ঠিক হয়নি।
পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, “ঘটনাটি শুনে ঘটনাস্থলে এসেছি। পুলিশ লাশ উদ্ধার করেছে।”
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক জানান, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।”