রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন গ্রামের সঞ্জয় মণ্ডল (২৬) ও তার স্ত্রী শ্রাবন্তী ভাদুরী (২১)। সঞ্জয় ঢাকার সাভারের একটি পোশাক কারখানায় চাকরি করতেন, শ্রাবন্তী ছিলেন গৃহিণী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রাত ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে ওই দম্পতি মহাসড়কের একটি স্পিডব্রেকার পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। তখন দৌলতদিয়া ঘাটগামী একটি অজ্ঞাত যানবাহন তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান শ্রাবন্তী। গুরুতর আহত সঞ্জয়কে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে রাত ১১টার দিকে মারা যান তিনি।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোরে শ্রাবন্তীর মরদেহ রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানা থেকে গ্রামে আনা হয়। দাফনের প্রস্তুতি চলছে। প্রায় আট বছর আগে সঞ্জয় ও শ্রাবন্তীর বিয়ে হয়। তাঁদের কোনো সন্তান ছিল না।
আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম শেখ জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। অজ্ঞাত যানবাহনটি শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।