রাজধানীর খিলগাঁও রেলক্রসিং এলাকায় গাড়ি ছাড়তে ‘দেরি হওয়া’কে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের দুই সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ আনোয়ার হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁকে আটক করে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২ সেপ্টেম্বর, ২০২৫) বেলা তিনটার দিকে। আহত ট্রাফিক পুলিশ সদস্যরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল হাসান ও কনস্টেবল রবিউল ইসলাম। তাঁদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মতিঝিল ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, খিলগাঁও রেলক্রসিং এলাকায় স্বাভাবিক নিয়মে সিগন্যাল নিয়ন্ত্রণ করা হচ্ছিল। নিয়ম অনুযায়ী এক পাশের গাড়ি আটকে রেখে অন্য পাশের গাড়ি ছাড়া হচ্ছিল। এ সময় চিকিৎসক মোহাম্মদ আনোয়ার হোসেন একটি গাড়ি নিয়ে যাচ্ছিলেন। তিনি ট্রাফিক পুলিশের প্রতি ক্ষুব্ধ হয়ে অভিযোগ করেন যে টাকা ছাড়া গাড়ি ছাড়া হয় না। এ নিয়ে পুলিশের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। যাওয়ার আগে তিনি ট্রাফিক পুলিশকে ‘দেখে নেবেন’ বলে হুমকি দেন।
কিছুক্ষণ পর চিকিৎসক আনোয়ার হোসেন ১০-১২ জন লোক নিয়ে চার-পাঁচটি মোটরসাইকেলে করে ফিরে আসেন। তাঁরা ট্রাফিক পুলিশের দুই সদস্যের ওপর হামলা চালান। কিল-ঘুষি ও লাথিতে আহত হন এএসআই রবিউল হাসান ও কনস্টেবল রবিউল ইসলাম।
মতিঝিল ট্রাফিক বিভাগের উপকমিশনার দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী জানান, হামলাকারীরা প্রথমে কনস্টেবল রবিউলের গোপনাঙ্গে লাথি মারেন। এরপর তাঁকে ও এগিয়ে আসা এএসআই রবিউল হাসানকে বেধড়ক মারধর করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, আটক চিকিৎসক বর্তমানে খিলগাঁও থানায় আছেন। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করার কাজ চলছে।