বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম রেং ত্লাং এলাকায় বম পার্টি, যারা তথাকথিত কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) নামে পরিচিত, তাদের একটি প্রশিক্ষণ ঘাঁটিতে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এই অভিযানে অস্ত্রশস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত এক মাসব্যাপী বিশেষ সামরিক অভিযানে সেনাবাহিনীর টহল দল সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় কেএনএ-এর প্রশিক্ষণ ঘাঁটি শনাক্ত করে। ব্যাপক তল্লাশি অভিযানের মাধ্যমে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, ট্যাকটিক্যাল পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদ এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া, সশস্ত্র গোষ্ঠীর প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা এবং বিভিন্ন কৌশলগত স্থাপনা সেনাবাহিনীর দখলে নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে।