কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের কুকুরীখিল গ্রামে এক হৃদয়বিদারক ঘটনায় আনোয়ার হোসেন ভুট্টো নামে এক দিনমজুর স্ত্রীর ক্যানসারের চিকিৎসার জন্য সবকিছু বিক্রি করে, ধারদেনা করে এবং মানুষের কাছে হাত পেতে সাহায্য চেয়েছিলেন। অবশেষে স্ত্রীকে সুস্থ করে বাড়ি ফিরিয়েছিলেন। কিন্তু সেই স্ত্রী পাঁচ সন্তান ও স্বামীকে ফেলে অন্য পুরুষের হাত ধরে পালিয়ে গেছেন।
আনোয়ার হোসেন ভুট্টো স্থানীয় দিনমজুর। শ্রমের টাকায় কোনোরকমে চলত তার সংসার। এর মধ্যে স্ত্রী ক্যানসারে আক্রান্ত হলে পরিবারে নেমে আসে অন্ধকার। তবু হাল ছাড়েননি তিনি। স্ত্রীর জীবন বাঁচাতে গৃহস্থালি জিনিসপত্র বিক্রি, ধারদেনা এবং দিনের পর দিন মানুষের কাছে সাহায্য প্রার্থনা করেছেন। তার অদম্য চেষ্টায় স্ত্রী দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন। সংসারে ফিরে আসে নতুন আলো, পাঁচ সন্তানের হাসি-খুশিতে মুখর হয় ঘর। প্রতিবেশীরা বলছিলেন, ভুট্টোর মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার।
কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হয়নি। গত ১৩ মে রাতে স্ত্রী নাসরিন হঠাৎ সংসার ছেড়ে পালিয়ে যান। স্বামী ও পাঁচ সন্তানের দায়িত্ব ফেলে তিনি অন্য একজনের সঙ্গে চলে যান।
স্ত্রী হারিয়ে পাঁচ সন্তান নিয়ে দিশাহারা আনোয়ার। চোখের পানি আর ভাঙা কণ্ঠে তিনি বলেন, “স্ত্রীর জন্য সব দিয়েছি। ক্যানসারের হাত থেকে ফিরিয়ে এনেছি। অথচ সেই মানুষটাই আমাকে ছেড়ে চলে গেছে। সন্তানরা সারাদিন মায়ের খোঁজ করে, আমি কী উত্তর দেব?”
স্থানীয়রা জানান, ছোট ছোট বাচ্চারা প্রতিদিন মায়ের জন্য কাঁদে। স্কুলে যাওয়ারও অনীহা তাদের। অনেকে আনোয়ারকে সান্ত্বনা দিয়ে বলছেন, তিনি যেন ভেঙে না পড়েন, সন্তানদের ভবিষ্যতের কথা ভাবেন।
নাসরিনের চলে যাওয়ার প্রায় চার মাস পেরিয়ে গেলেও এলাকায় চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। অনেকে বলছেন, আনোয়ারের আত্মত্যাগ ও ভালোবাসা যেমন বিরল দৃষ্টান্ত, তেমনি নাসরিনের চলে যাওয়া সমাজের জন্য এক অশনিসঙ্কেত।
স্থানীয় ইউপি মেম্বার জসিম উদ্দিন মজুমদার বলেন, “আনোয়ার ধারদেনা করে স্ত্রীর চিকিৎসা করিয়েছেন। স্ত্রী সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। কিন্তু কিছুদিন পর তিনি পাঁচ সন্তান ফেলে অন্য পুরুষের সঙ্গে পালিয়ে যান। আমরা তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছি, কিন্তু সম্ভব হয়নি।”
নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, “আপনার মাধ্যমে ঘটনাটি জেনেছি। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের হয়নি।”