২০১৭ সালের জুলাই মাসে যানজট নিরসনের লক্ষ্যে এই টার্মিনালের নির্মাণকাজ শুরু হয় এবং ২০১৮ সালে তা সম্পন্ন হয়। এই টার্মিনালে রয়েছে সাড়ে ৭ হাজার স্কয়ারফুটের তিনতলা কাচের ভবন, যেখানে সাধারণ ও ভিআইপি বিশ্রামাগার, রেস্টুরেন্ট, মসজিদ, হলরুম, মিটিং রুম, চায়ের স্টল, শৌচাগার এবং পৃথক টিকেট কাউন্টারের ব্যবস্থা রয়েছে। ২০১৮ সালের ২ আগস্ট থেকে এখানে বাস চলাচল শুরু হলেও গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর টার্মিনালটি অকেজো হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, টার্মিনালের ভবনের কোটি টাকার আসবাবপত্র নষ্ট হচ্ছে, এবং চারপাশে ময়লা-আবর্জনার স্তূপ জমে ভাগাড়ে পরিণত হয়েছে। টিকেট কাউন্টারগুলোতে ধুলো জমেছে। স্থানীয় বাসিন্দা আরিফ হাওলাদার জানান, গত দুই মাস ধরে টার্মিনাল বন্ধ থাকায় এলাকাটি ভুতুড়ে পরিবেশে পরিণত হয়েছে। সন্ধ্যা হলেই বহিরাগত যুবকরা মোটরসাইকেলে এসে ভিড় জমান। শিশু-কিশোররা উঁকিঝুঁকি দিলে মাদকসেবীদের হাতে মারধরের শিকার হচ্ছেন।
অপর বাসিন্দা সোহেল জানান, রাতে টার্মিনালের পরিত্যক্ত রুমে মিটমিটে আলো জ্বলে এবং তামাক পোড়ার গন্ধে ভারী হয়ে ওঠে পরিবেশ। জুয়ার আসর ও মাদকের আখড়া বসে, এবং পুলিশের উপস্থিতি টের পেলে জুয়াড়ি ও মাদকসেবীরা পালিয়ে যায়।
বাস মালিক সমিতির আঞ্চলিক চরফ্যাশন শাখার সাধারণ সম্পাদক মো. সবুজ মিয়া জানান, তেলের দাম বৃদ্ধির কারণে বাসের ভাড়া বাড়ানো হয়েছে। টার্মিনালে যেতে অটোরিকশায় অতিরিক্ত ৫০ টাকা খরচ এবং দূরত্বের কারণে ছিনতাইয়ের ঘটনা বাড়ায় বাস মালিকরা পৌর সদর বাজারে পুরাতন স্ট্যান্ডে ফিরে গেছেন। এতে বাজারে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যা ব্যবসায়ী ও পথচারীদের জন্য দুর্ভোগের কারণ।
চরফ্যাশন থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার জানান, টার্মিনালে বাস চলাচল বন্ধ থাকায় অপরাধপ্রবণতা বেড়েছে। এজন্য রাতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাসনা শারমিন মিথি জানান, টার্মিনালটি ইজারা দেওয়া হয়েছে, এবং বাস মালিক সমিতির সঙ্গে আলোচনা করে টার্মিনালে বাস চলাচল পুনরায় শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।