নাটোর শহরের মাদরাসা মুভি বেসরকারি জনসেবা হাসপাতালে ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ড্যাব) নাটোর জেলা শাখার আহ্বায়ক ডা. আমিরুল ইসলামের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) বেলা ২টা ৩০ মিনিটের দিকে তার কক্ষের দরজা ভেঙে পুলিশ লাশটি উদ্ধার করে।
হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, ডা. আমিরুলের কক্ষের দরজা দীর্ঘক্ষণ বন্ধ ছিল। তার কোনো সাড়াশব্দ না পেয়ে হাসপাতালের স্টাফরা তাকে ডাকতে শুরু করে। পরে কোনো সাড়া না পাওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। হাসপাতালের স্টাফ আলামিন জানান, ডা. আমিরুল সাধারণত রাতভর অস্ত্রোপচারের পর হাসপাতালে তার জন্য সংরক্ষিত কক্ষে ঘুমাতে যেতেন। তিনি দুপুরের দিকে ঘুম থেকে ওঠতেন। কিন্তু আজ দুপুরেও তিনি কক্ষ থেকে বের না হওয়ায় তাকে ডাকা হয়। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে তার গলাকাটা লাশ পাওয়া যায়।
নাটোর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, “দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এই অবস্থায় তার গলাকাটা লাশ সন্দেহজনক। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। এ ছাড়া জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।”
ড্যাব নাটোর জেলা শাখার সদস্যসচিব ডা. আবুল কালাম আজাদ এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।