অভিযুক্তরা হলেন দক্ষিণ ধুমাইটারি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সজিব (২০), আনারুলের ছেলে সোহেল রানা (১৮) এবং নাহিদ ইসলাম (১৯)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে প্রতিবেশি ফুফা সজিবের মোবাইলে নিয়মিত কথা হতো। বৃহস্পতিবার রাতে সজিব তাকে দেখা করতে বলে। শুক্রবার দিবাগত রাতে সজিব গুরুত্বপূর্ণ কথার কথা বলে কিশোরীকে বাড়ির বাইরে ডেকে নেয়। এরপর নানা প্রলোভন ও ব্ল্যাকমেইল করে তাকে বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে যায়। পার্শ্ববর্তী চিত্তরঞ্জনের একটি বাঁশঝাড়ে নিয়ে গিয়ে সজিব প্রথমে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তার দুই বন্ধু নাহিদ ও সোহেল পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।
পথচারীরা ঘটনার বিস্তারিত জেনে কিশোরীকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। অভিযুক্তরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও, শুক্রবার বিকেলে কিশোরী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ তাকে উদ্ধার করে থানার ভিক্টিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়। শনিবার সকালে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে ভিক্টিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। নারী ও শিশু নির্যাতন আইনে অভিযোগ দাখিল করা হয়েছে, এবং অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় উঠেছে।