Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

নরসিংদীর নিরালা আবাসিক হোটেলে কর্মচারীর উপর পৈশাচিক নির্যাতন: মামলা দায়ের

 নরসিংদীর পৌর শহরের বাজিরমোড় এলাকায় নিরালা আবাসিক হোটেলে আলমগীর হোসেন (৩০) নামে এক কর্মচারীকে পৈশাচিক নির্যাতনের অভিযোগ উঠেছে হোটেল মালিকের ছেলে জাহিদ সরকারের (২৮) বিরুদ্ধে। শনিবার (৩০ আগস্ট) এই ঘটনা ঘটলেও সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ায় বিষয়টি প্রকাশ্যে আসে।

অভিযুক্ত জাহিদ সরকার নরসিংদীর বৌয়াকুড় এলাকার বাসিন্দা এবং নিরালা আবাসিক হোটেলের মালিক জাহাঙ্গীর সরকারের ছেলে। নির্যাতিত আলমগীর হোসেন শহরের বানিয়াছল এলাকার হারিছ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর হোসেন জাহাঙ্গীর সরকারের মালিকানাধীন ‘নিরালা হরিণ বাড়ি’ নামে একটি খামারের দেখাশোনার দায়িত্বে ছিলেন। সম্প্রতি খামার থেকে একটি জেনারেটরের ব্যাটারি চুরি হওয়ায় জাহিদ সরকার আলমগীরকে সন্দেহ করেন। এর জেরে তাকে হোটেলে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে জাহিদ সরকার ও তার সঙ্গীরা আলমগীরের গলায় রশি বেঁধে জানালার গ্রিলের সঙ্গে ঝুলিয়ে লোহার পাইপ দিয়ে পেটান। ধারালো ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে খুঁচিয়ে রক্তাক্ত করা হয়। এছাড়া, একই এলাকার শাকিল নামে আরেকজনকে মারধর করা হয়।

স্থানীয়রা জানান, জাহিদ শাকিলকে দিয়ে আলমগীরকে পাইপ দিয়ে মারতে বাধ্য করেন এবং এই নির্যাতনের ভিডিও ধারণ করেন। গুরুতর আহত অবস্থায় আলমগীরকে শাকিলের মাধ্যমে বাড়ি পাঠানো হয়। পরিবার তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।

এ ঘটনায় আলমগীরের বাবা হারিছ মিয়া সোমবার গভীর রাতে নরসিংদী মডেল থানায় জাহিদ সরকারকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন সিয়াম, আল আমিন ও শাকিল।

হারিছ মিয়া বলেন, “আমার ছেলেকে হোটেলের রুমে আটকে গলায় রশি বেঁধে লোহার পাইপ দিয়ে পিটিয়েছে। ধারালো ছুরি দিয়ে গলা থেকে পা পর্যন্ত রক্তাক্ত করেছে। তার রক্তমাখা কাপড় খুলে ডেকোরেটরের কাপড় পড়িয়ে শাকিলের মাধ্যমে বাড়ি পাঠিয়েছে। শুনেছি, রক্তমাখা কাপড়গুলো পুড়িয়ে ফেলা হয়েছে। ডাক্তার দেখালে বা পুলিশের কাছে গেলে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে।”

আলমগীরের মা সমলা খাতুন বলেন, “আমার ছেলে জীবন ভিক্ষা চেয়েছে, তবু তাদের মন গলেনি। তার দুই হাত ভেঙে দিয়েছে, শরীরে ছুরি দিয়ে রক্তাক্ত করেছে। আমরা গরিব মানুষ, তাদের সঙ্গে ক্ষমতায় পারব না। আমি এর বিচার চাই।”

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। হোটেল মালিক জাহাঙ্গীর সরকার ও তার ছেলে জাহিদ সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।