Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

পটুয়াখালীর রাঙ্গাবালীতে জাল ফেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮ জেলে

সাগরে জাল ফেলা নিয়ে পূর্ব বিরোধের জেরে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলার মালিকসহ আটজন জেলে আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় জেলেদের ভাষ্যমতে, প্রায় দুই সপ্তাহ আগে একই স্থানে ট্রলার মালিক মো. শফিক ও ইসমাইল মোল্লার জেলেদের মধ্যে জাল ফেলাকে কেন্দ্র করে বিরোধ শুরু হয়। স্থানীয়ভাবে শালিশের চেষ্টা হলেও সমাধান হয়নি।

এর জেরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে সোনারচরের দক্ষিণ পাশের সাগর মোহনায় ট্রলার রাখাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের ৮ জন আহত হন।

ইসমাইল মোল্লার ছেলে শামীম মোল্লার অভিযোগ, শফিকের পক্ষের ১০–১১ জন লোক লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে ইসমাইল মোল্লা (৫৫), সোহাগ মোল্লা (৩০), সিয়াম প্যাদা (২২), সিফাদ (২৩) ও কামাল শিকদার (২৫) আহত হন। আহতদের গলাচিপা হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত সোহাগ ও সিয়ামকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে ট্রলার মালিক শফিক দাবি করেন, জাল ফেলা নিয়ে পূর্ব বিরোধ থাকায় তারা পাশেই ট্রলার রাখে। এতে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় তার ট্রলারের আকতার হোসেন (৩০), রবিউল (২০) ও রবিউল হোসেন (২৩) আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উভয় পক্ষই চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙা গ্রামের বাসিন্দা।

রাঙ্গাবালী নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই মো. শহীদুল ইসলাম বলেন, “সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। তাদের মধ্যে সাতজন হাসপাতালে ভর্তি আছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”