Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারি জায়গা দখল করে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ

 গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার জটিয়ার বাড়ি থেকে ভাঙ্গারহাট বাজার পর্যন্ত বেড়িবাঁধের বিভিন্ন স্থানে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। এলাকাবাসী এসব প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। জানা গেছে, এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে এই সরকারি জায়গায় দোকানঘর তুলে ব্যবসা পরিচালনা করছেন। অনেকে একাধিক দোকান নির্মাণ করে মোটা অঙ্কের জামানত নিয়ে ভাড়া দিচ্ছেন।

জটিয়ার বাড়ি গ্রামের বেড়িবাঁধের শুরুতে সরকারি জায়গা দখল করে প্রভাবশালী মাসুদ শেখ ১৩টি, শাহাদাৎ ঘরামী ৮টি, সেলিম গাজী ১টি, দেলোয়ার হোসেন ১টি, হাফিজ তালুকদার ১টি, আওলাদ হোসেন ৩টি, ফরিদ হোসেন ১টি, বাদল গাজী ১টি, জামাল গাজী ১টি এবং লায়েক মোল্লা ১টি দোকানঘর নির্মাণ করেছেন।

এলাকার কয়েকজন বাসিন্দা জানান, উল্লেখিত ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় সরকারি জায়গা দখল করে এসব ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছেন। তারা এদের বিরুদ্ধে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা আরও বলেন, ভাঙ্গারহাট এলাকায় বেড়িবাঁধের দুই পাশে অনেক প্রভাবশালী ব্যক্তি একইভাবে সরকারি জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেছেন। এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।

দখলদার আওলাদ হোসেন বলেন, “আমার তিনটি দোকানের কিছু অংশ বেড়িবাঁধের জায়গায় পড়েছে। সরকারের পক্ষ থেকে জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলে আমি তাৎক্ষণিকভাবে জায়গা ছেড়ে দিবো।”

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুম বিল্লাহ জানান, “সম্প্রতি আমরা অবদারহাট, ঘাঘর বাজার এবং উপজেলা সদরে অভিযান চালিয়ে সরকারি জায়গা দখলমুক্ত করেছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এলাকাবাসী সরকারি জায়গা পুনরুদ্ধার এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।