বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন।
গ্রেপ্তার সোহেল কালিয়ার নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের সামাদ সরদারের ছেলে।
পুলিশ সুপার জানান, তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে মুন্নি হত্যায় সোহেলকে শনাক্ত করা হয়। এরপর বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে ঢাকার কেরানীগঞ্জ থানার পুলিশের সহায়তায় ঢাকার তেঘরিয়া বাসস্ট্যান্ড এলাকার একটি মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল স্বীকার করে, মুন্নির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে তারা দেখা করেন নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে। সোহেল তাকে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু মুন্নি তা প্রত্যাখ্যান করলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাগান্বিত হয়ে সোহেল মুন্নিকে হত্যা করে ডোবার পানিতে ফেলে দেন।
মুনির গলার চেইনটি ছিনিয়ে নিয়ে সে ভেবেছিল এটি নকল, তাই বাড়ির পেছনের বাঁশবাগানে ফেলে দেয়। পরে পুলিশ ওই চেইন উদ্ধার করে। সোহেলকে নড়াইল আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, দক্ষিণ নলামারা গ্রামের শিমুল মিনার মেয়ে মুন্নি খানমের সঙ্গে খুলনার তেরখাদা উপজেলার হৃদয় ফকিরের বিয়ে হয়েছিল প্রায় ১৪ মাস আগে। ২৯ আগস্ট সকালে মুন্নি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। সেদিন রাতে তার শ্বশুরবাড়ি ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে যাননি।
রাত ৯টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবার সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে নড়াগাতী থানায় জিডি করা হয়।
২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে নলামারা প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি ডোবার পানিতে মুন্নির মরদেহ পাওয়া যায়। স্বজনরা গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে লাশ নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এরপর মুন্নির মা অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।