কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের নাপিতার দিয়া এলাকায় একটি বাড়ি থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পেকুয়া থানা পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) রাতে স্থানীয়দের সহায়তায় পুলিশ এই লাশ উদ্ধার করে।
নিহত নারীর নাম সাবিনা আক্তার জান্নাত ওরফে জুলি (৪৫)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের সিকদার পাড়ার সাঈদুল হকের মেয়ে। দীর্ঘদিন ধরে তিনি নাপিতার দিয়ার দেলোয়ার হোছাইনের পুত্র এহতেশামুল হকের নির্জন বাড়িতে একাকী আশ্রয়ে থাকতেন। তার পিতা-মাতা বহু বছর আগে মারা গেছেন, এবং তার একমাত্র ভাই অন্যত্র বসবাস করেন।
স্থানীয় ইউপি সদস্য নুর মুহাম্মদ জানান, জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানান, এক প্রতিবেশী নারী সবজি দিতে গিয়ে ঘরে প্রবেশ করেন। প্রথমে দরজা বন্ধ থাকায় তিনি পেছনের অর্ধ খোলা দরজা দিয়ে জুলিকে ডাকেন। কোনো সাড়া না পেয়ে ভেতরে ঢুকে দেখেন, মশারির ভেতর কম্বল মোড়া অবস্থায় তিনি শুয়ে আছেন। কাছে যাওয়ার পর দুর্গন্ধ পেয়ে তিনি স্থানীয়দের খবর দেন।
প্রতিবেশীরা জানান, সাবিনা আক্তার সামান্য মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে তিন দিন আগেও তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করেছেন। শৈশবে তিনি মগনামার নানার বাড়িতে পড়াশোনা করেছিলেন এবং বর্তমানে ওই বাড়িতেই একাকী থাকতেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”