Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

রাজশাহীর বাঘায় পদ্মার চরে নতুন করে প্লাবন, জনজীবন বিপর্যস্ত

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে পানি বৃদ্ধির ফলে নতুন করে প্লাবন দেখা দিয়েছে। এর ফলে আতারপাড়া, চৌমাদিয়া, দিয়ারকাদিরপুরসহ পদ্মার ১৫টি চরের নিম্নাঞ্চলের বাড়ির উঠানে পানি প্রবেশ করেছে। এতে করে স্থানীয় বাসিন্দারা, বিশেষ করে গরু-ছাগল পালনকারীরা, মারাত্মক সমস্যায় পড়েছেন।

রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) সকালে আতারপাড়া চরে এমন দৃশ্য চোখে পড়ে। পানি বৃদ্ধির কারণে আতারপাড়া ও চৌমাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পানি মাড়িয়ে স্কুলে যেতে পারছে না।

চৌমাদিয়া চরের বাসিন্দা সলেমান হোসেন জানান, “এই চরে প্রায় ২০০ পরিবারের প্রতিটি বাড়ির উঠানে পানি ঢুকেছে। আমরা কোথাও যেতে পারছি না। গরু-ছাগল নিয়ে মহাবিপাকে পড়েছি।”

চকরাজাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আবদুর রহমান বলেন, “পদ্মার ১৫টি চরের আয়তন ৪৬ বর্গকিলোমিটার, জনসংখ্যা সাড়ে ১৫ হাজার, আর জমির পরিমাণ ৬ হাজার একর। এখানে প্রায় সাড়ে ৩ হাজার মানুষ বসবাস করেন। নদী ভাঙনের কারণে অনেকের জমি হারিয়ে গেছে। এখন নতুন করে পানি বৃদ্ধিতে আমরা নিরুপায়। কোনো সমাধান খুঁজে পাচ্ছি না।”

কালিদাসখালী চরের স্কুল শিক্ষক গোলাম মোস্তফা জানান, “পদ্মা ভাঙনের কারণে চকরাজাপুর মোজার চিহ্ন মুছে গেছে। কালিদাসখালী চরের তিন ভাগের দুই ভাগই হারিয়ে গেছে।”

চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল আযম বলেন, “পানি বৃদ্ধির বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।” রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক জানান, রোববার সকাল ৮টায় পদ্মা নদীর পানির উচ্চতা ছিল ১৬.৮২ মিটার, যা বিপৎসীমা ১৮.৫ মিটারের নিচে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, “এ বিষয়ে আমরা অবগত হয়েছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”