Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

দক্ষিণ কেরানীগঞ্জের নাজিরেরবাগে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে সাগীর (২৬) নামের এক যুবককে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সাগীরের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, সকালে দোকানে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন সাগীর। নাজিরেরবাগ সড়কে পৌঁছতেই দুর্বৃত্তরা হঠাৎ তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে ঘাড়ে আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা সাগীরকে উদ্ধার করতে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী টিনা বলেন, “সকালে দোকানে যাওয়ার কথা বলে বের হয়েছিলেন। কিছুক্ষণ পর খবর পাই, তাকে মেরে ফেলে রেখেছে। আমার স্বামী কারও সঙ্গে শত্রুতা করেনি। কেন এমন হলো, আমি বুঝতে পারছি না।”

জানা গেছে, চার মাস আগে চাকরির কারণে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে রাজধানীর ইসলামপুর থেকে নাজিরেরবাগ এলাকায় ভাড়া বাসায় উঠেছিলেন সাগীর। এই হঠাৎ হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সিআইডির সহযোগিতায় প্রাথমিক তদন্ত শুরু করে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, “ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। নিহতের পরিচয় ও পারিবারিক প্রেক্ষাপট বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমরা তদন্ত শুরু করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতা বা ব্যক্তিগত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে নিশ্চিত হতে তদন্তের অগ্রগতি সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।”