Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

ফরিদপুরে বিদ্যুৎ বিল নিয়ে ঝগড়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামে বিদ্যুৎ বিল নিয়ে ঝগড়ার জেরে ছোট ভাইয়ের বঁটির কোপে বড় ভাই সালাউদ্দিন শেখ (৩২) খুন হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ভাঙ্গা থানা পুলিশ।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, সালাউদ্দিন শেখের পরিবার বেশ কিছু বছর ধরে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া এলাকায় বসবাস করত। সম্প্রতি তারা গ্রামে ফিরে আসেন। শুক্রবার সকালে বিদ্যুৎ বিল নিয়ে ছোট ভাই আলাউদ্দিনের সঙ্গে সালাউদ্দিনের ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আলাউদ্দিন বঁটি দিয়ে বড় ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। স্থানীয়রা গুরুতর আহত সালাউদ্দিনকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে ভোররাতে তার মৃত্যু হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, “পারিবারিক কলহের জেরে ছোট ভাই বড় ভাইকে কুপিয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তার মৃত্যু হয়েছে। নিহতের লাশ এখনো এলাকায় পৌঁছায়নি। পরিবারের সদস্যরা ঢাকায় থাকায় এখনো মামলা দায়ের হয়নি।”

ইউপি চেয়ারম্যান অলিউর রহমান বলেন, “পরিবারটি হতদরিদ্র। শুক্রবার সকালে বিদ্যুৎ বিল নিয়ে দুই ভাইয়ের ঝগড়া হয়। একপর্যায়ে ছোট ভাই আলাউদ্দিন বঁটি দিয়ে বড় ভাইকে কুপিয়ে পেটের নাড়িভুঁড়ি বের করে দেয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”