রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে এ এইচ এম নোমান রেজা, তানজিল হোসেন ও ফারিয়া আক্তার তমা নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) চাঁদাবাজির মামলায় তিনজনকে আদালতে তোলা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাদের কাছ থেকে ৪ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশের ভাষ্য, মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে নোমান, তানজিল ও ফারিয়া চাঁদাবাজি করছিলেন। বৃহস্পতিবার রাতে সমন্বয়ক পরিচয়ে তারা উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৬ নম্বর সড়কের একটি বাসায় ঢোকেন। দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তির কাছে মামলা থেকে অব্যাহতির কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এর মধ্যে ৫ লাখ ৫০ হাজার টাকা আদায় করেন এবং বাকি টাকার জন্য সময় বেঁধে দিয়ে চলে যান।
পুলিশ আরও জানায়, ওই তিনজন দেলোয়ার হোসেনের পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দিচ্ছিলেন। পরে পরিবারটি উত্তরা পশ্চিম থানায় মামলা করে। ঘটনার দিন রাতে বিমানবন্দর এলাকা থেকে প্রথমে নোমান রেজাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জসীম উদ্দিন এলাকা থেকে তানজিল হোসেন ও ফারিয়া আক্তার তমাকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক খান শনিবার বলেন, “চাঁদাবাজির মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।”