Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশা চালক নিহত

 নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) সকাল প্রায় ৯টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের দশতলা এলাকার বেঙ্গলের মোড় সংলগ্ন ঢাকাগামী লেনে।

নিহত ব্যক্তির নাম মো. আব্দুল কুদ্দুস (৩৫)। তিনি শরীয়তপুরের সখিপুর থানার কাদিরগঞ্জ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি সিদ্ধিরগঞ্জের মাহমুদপুর সাততলা এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।

স্থানীয়রা জানান, মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল নিষিদ্ধ থাকলেও প্রতিদিন ঝুঁকি নিয়ে এসব যানবাহন চলাচল করে। এই অব্যবস্থাপনার কারণেই এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. জুলহাস উদ্দিন জানান, হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনায় কবলিত অটোরিকশাটি পুলিশের হেফাজতে রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহিনুর আলম বলেন, “হাইওয়ের সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল নিষিদ্ধ। তারপরও তারা বিভিন্ন পকেট রাস্তা দিয়ে মহাসড়কে ঢুকে পড়ে, যার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে।”