Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

রাজধানীর ৩০০ ফিট সড়কে মোটরসাইকেল ছিনতাই: বাংলাদেশ পুলিশের ব্যাখ্যা

রাজধানীর ৩০০ ফিট সড়কে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে বিবৃতি প্রকাশ করা হয়।

গত বুধবার রাতে রূপগঞ্জ থানার ভুলতা-গাউছিয়া রোডে একটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, তিনটি মোটরসাইকেলে থাকা কয়েকজন একটি বাইকের গতিরোধ করে। এ সময় একজন দা হাতে নিয়ে এগিয়ে আসেন।

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, রূপগঞ্জে মোটরসাইকেল আরোহী জিসান ও ফয়সালের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। এক ট্রাকের হেল্পারের ফোন থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল আসার মাত্র ১০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। ঘটনার পরপরই রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।