Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

দক্ষিণখানে পরকীয়া সন্দেহে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

 রাজধানীর দক্ষিণখানে পরকীয়া সন্দেহে দুবাই ফেরত স্বামী মাসুদ আলম (৪৩) তার স্ত্রী আকলিমা বেগমকে (৩৩) এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করেছেন। স্থানীয়রা মাসুদ আলমকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (১ সেপ্টেম্বর) রাতে।

দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “স্ত্রীকে ছুরিকাঘাতের সময় ধস্তাধস্তিতে মাসুদ আলমের হাত কেটে যায়। স্থানীয়রা তাকে আটক করে আমাদের হাতে দেয়। তাকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, আট বছর আগে মাসুদ ও আকলিমা প্রেম করে বিয়ে করেন। এটি উভয়েরই দ্বিতীয় বিয়ে ছিল। আকলিমার প্রথম সংসারে সন্তান রয়েছে। বিয়ের পর দীর্ঘদিন সংসার করার পর মাসুদ দুবাই চলে যান। এ সময় আকলিমা একটি কাপড়ের দোকান পরিচালনা করতেন। মাসুদ জানতে পারেন যে, আকলিমা অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এবং গোপনে বিয়ের পরিকল্পনা করছেন বলে সন্দেহ করেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

গত ছয় মাস আগে মাসুদ দুবাই থেকে ফিরে আসেন, এবং এরপর দুজনেই আলাদা থাকতে শুরু করেন। সম্প্রতি মাসুদ আকলিমার সঙ্গে কথাবার্তা শুরু করেন। সোমবার দক্ষিণখানের দেওয়ান বাড়ি পাকার মাথা এলাকায় আকলিমার ভাড়া বাসায় গিয়ে তিনি তাকে মারধর শুরু করেন। আকলিমা বাড়ির চতুর্থ তলা থেকে তৃতীয় তলায় বাড়ির মালিকের ফ্ল্যাটে পালানোর চেষ্টা করেন। সেখানেই মাসুদ তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত করেন।

আকলিমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মাসুদকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ তাকে আটক করে। গুরুতর আহত অবস্থায় রাত ১১টা ৫৫ মিনিটে আকলিমাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এসআই আনোয়ার হোসেন।