Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

মানিকগঞ্জের সাটুরিয়ায় পারিবারিক কলহের জেরে ইটভাটার শ্রমিকের আত্মহত্যা

 মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ পূর্বনগর গ্রামে পারিবারিক কলহের জেরে মো. সেলিম নামে এক ইটভাটার শ্রমিক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মো. সেলিম হরগজ পূর্বনগর গ্রামের মৃত দানের শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কাজে যাওয়ার আগে সেলিম ও তার স্ত্রীর মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তিনি ঘরের হাঁড়ি-পাতিল ভাঙচুর করেন। স্ত্রী কর্মস্থলে চলে গেলে সকাল ১০টার দিকে ফোন করে শেষবারের মতো ক্ষমা চান সেলিম। এর কিছুক্ষণ পর তিনি বিষপান করেন।

পরিবারের সদস্যরা ঘটনা টের পেয়ে দ্রুত সেলিমকে সাটুরিয়া সদর হাসপাতালে নিয়ে যান। দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে গেলেও খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।” এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।