পাবনার ফরিদপুর উপজেলার ডেমরার চকচকিয়া এলাকায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা স্ত্রী-সন্তানসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন—চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের সোহেল রানা, তার স্ত্রী আউলিয়া খাতুন (২৫) এবং তাদের মেয়ে সুমাইয়া (৭)।
জানা গেছে, মঙ্গলবার সকালে সোহেল রানা সিরাজগঞ্জের শাহজাদপুরে আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেলে স্ত্রী ও মেয়েকে নিয়ে চাটমোহরে ফিরছিলেন। পথে ডেমরার চকচকিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আউলিয়া খাতুন ও সুমাইয়ার মৃত্যু হয়। গুরুতর আহত সোহেল রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।