Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

কক্সবাজারের লাবণী পয়েন্টে নিখোঁজ পর্যটক জুহায়ের আয়মানের লাশ উদ্ধার

 কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক জুহায়ের আয়মানের (১৭) লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে, নিখোঁজের ১৬ ঘণ্টা পর কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতিপাড়া সৈকতে তার লাশ ভেসে ওঠে।

নিহত জুহায়ের আয়মান বগুড়া সদরের কাটনাপাড়ার বাসিন্দা মো. শরিফুল ইসলাম ও মনিরা সুলতানা দম্পতির ছেলে। এসএসসি পরীক্ষা শেষ করে তিনি পরিবারের সঙ্গে কক্সবাজারে ভ্রমণে এসেছিলেন।

সি-সেইফ লাইফগার্ডের সিনিয়র কর্মী মোহাম্মদ ওসমান জানান, রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে লাবণী পয়েন্টে তিনজন পর্যটক গোসলে নামেন। প্রবল স্রোতের কারণে তারা ভেসে গেলে অন্য পর্যটকদের চিৎকারে লাইফগার্ড কর্মীরা রেসকিউ বোটের সাহায্যে দুজনকে জীবিত উদ্ধার করেন। কিন্তু জুহায়ের আয়মান নিখোঁজ হন। ফায়ার সার্ভিস, বিচ-কর্মী ও লাইফগার্ড সদস্যরা রাত ১২টা পর্যন্ত তল্লাশি চালিয়েও তাকে খুঁজে পাননি। সোমবার সকালে সমিতিপাড়া সৈকতে তার মরদেহ ভেসে ওঠে।

নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিম খান বলেন, “আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।”

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম বলেন, “আমাদের কামনা, পর্যটকরা সৈকতের সৌন্দর্য উপভোগ করে নিরাপদে ঘরে ফিরবেন। লাল পতাকা উত্তোলিত স্থানে গোসল করা বিপজ্জনক। আনন্দের জন্য এসে স্বজনের নিথর দেহ নিয়ে ফিরে যাওয়া আমাদের কাম্য নয়।”