রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল ওয়েস্টিন থেকে জ্যাকসন (৫০) নামে এক মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে। রবিবার (৩১ আগস্ট ২০২৫) রাতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ওসি হাফিজুর জানান, মার্কিন দূতাবাস ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহটি নিজেদের জিম্মায় নিয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, জ্যাকসন ব্যবসায়িক কাজে কয়েক মাস আগে বাংলাদেশে আসেন এবং গত শনিবার (৩০ আগস্ট) হোটেল ওয়েস্টিনে ওঠেন।
তিনি আরও বলেন, “রবিবার দুপুরে জ্যাকসন তার কক্ষ থেকে বের না হওয়ায় হোটেল কর্তৃপক্ষ তাকে ডাকাডাকি করে। কোনো সাড়া না পাওয়ায় পুলিশ ও মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে দরজা খোলা হয়। তখন তাকে কক্ষে পড়ে থাকতে দেখা যায়।” দূতাবাসের একজন চিকিৎসকসহ অন্যান্য কর্মকর্তারা মৃতদেহ পরীক্ষা করে স্বাভাবিক মৃত্যুর ধারণা পাওয়ার পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি নিয়ে যান।
ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং অন্যান্য তদন্তকারী ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।