ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত গাড়ির জ্বালানির ভুয়া খরচ দেখিয়ে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংস্থার প্রধান কার্যালয় নগর ভবনে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিট এই অভিযান পরিচালনা করছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদক জানায়, অভিযোগ রয়েছে যে ডিএসসিসির কর্মকর্তাদের জন্য নির্ধারিত সরকারি গাড়ি বাস্তবে ব্যবহার না হলেও কাগজপত্রে জ্বালানি খরচের ভুয়া বিল দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ উত্তোলন করা হয়েছে। পরে এই অর্থ আত্মসাৎ করা হয়। অভিযোগে বলা হয়, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে আন্দোলনের কারণে টানা ৪০ দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল। এই সময়ে কর্মকর্তারা অফিসে না আসলেও তাদের বরাদ্দকৃত গাড়ির জন্য প্রতিদিন ১৪-১৫ লিটার তেল খরচ দেখানো হয়েছে।
ডিএসসিসির হিসাব অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রতি মাসে জ্বালানি খাতে প্রায় ৫ কোটি টাকা ব্যয় করে। মে ও জুন মাসে নগর ভবন বন্ধ থাকলেও তেলের খরচ স্বাভাবিক সময়ের মতোই দেখানো হয়েছে, যদিও ওই সময়ে কার্যত কোনো অফিস কার্যক্রম হয়নি। এই অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য দুদকের এনফোর্সমেন্ট ইউনিট নথিপত্রসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে।