Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

লক্ষ্মীপুরের কমলনগরে তানিয়া বেগম জীবিত ফিরে এসে স্বামীকে তালাক দিলেন

 লক্ষ্মীপুরের কমলনগরে তানিয়া বেগম (২১) নামে এক গৃহবধূকে হত্যা ও লাশ গুমের অভিযোগে মামলা দায়েরের তিন মাস পর তিনি জীবিত ফিরে এসে আদালতে হাজির হয়েছেন। শুধু তাই নয়, আদালতে গিয়ে তিনি তার স্বামী দেলোয়ার হোসেনকে তালাকও দিয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তানিয়ার বোন রিনা আক্তার তিন মাস আগে তার স্বামী, শ্বশুর, দেবরসহ পরিবারের সাতজনের বিরুদ্ধে হত্যা ও লাশ গুমের অভিযোগে মামলা দায়ের করেছিলেন। অভিযোগে বলা হয়েছিল, শ্বশুরবাড়ির লোকজন তানিয়াকে হত্যা করে তার লাশ গুম করেছে। এরপর থেকে মামলার আসামিরা আত্মগোপনে ছিলেন। কিন্তু রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে তানিয়া স্বশরীরে আদালতে উপস্থিত হয়ে স্বামী দেলোয়ার হোসেনকে তালাক দেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিন বছর আগে কমলনগরের চর কাদিরা ইউনিয়নের মোহাম্মদ উল্লাহ বেপারীর ছেলে দেলোয়ার হোসেনের সঙ্গে তানিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। গত ৯ জুন রাতে তানিয়া শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হন। এরপর ১৩ জুন তানিয়ার বোন রিনা আদালতে হত্যা মামলা দায়ের করেন।

তানিয়ার শ্বশুর মোহাম্মদ উল্লাহ বেপারী অভিযোগ করে বলেন, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করিয়েছে। এতে তাদের পরিবার সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তানিয়া জীবিত ফিরে আসায় তারা এখন প্রকৃত ঘটনার বিচার ও ক্ষতিপূরণ দাবি করছেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, “এখনও কেউ আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আইনি সহায়তা চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”