হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে জামাল মিয়া (৪০) নামে ১৭টি মামলার আসামি এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিবলু নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) ভোর রাতে। নিহত জামাল মিয়া নোয়াগাঁও গ্রামের আব্দুর রহমানের ছেলে। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
জামালের স্ত্রী জানান, বুধবার ভোর ৪টার দিকে ১০-১৫ জনের একটি দল তাদের বাড়িতে ঢুকে তাকে এবং তার স্বামীকে ঘর থেকে বের করে নিয়ে যায়। তিনি একপর্যায়ে নিজেকে ছাড়িয়ে নিতে পারলেও, দুর্বৃত্তরা জামালকে বাড়ি থেকে কিছুটা দূরে ধানের জমিতে নিয়ে গলা কেটে হত্যা করে। এ সময় তিনি ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নামও প্রকাশ করেন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় জড়িত সন্দেহে শিবলু নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।” তিনি আরও জানান, নিহত জামাল মিয়ার নামে ডাকাতির ১৭টি মামলা রয়েছে।