কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় স্কুল থেকে ফেরার পথে পথরোধ করে এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত হোসেন মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে রোববার (৭ সেপ্টেম্বর) তাড়াইল থানা পুলিশ গ্রেফতার করে কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করেছে। আদালত হোসেন মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
হোসেন মিয়া তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের কলমা গ্রামের মৃত লাল মাহমুদের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। তার বাড়ি ফেরার পথে হোসেন মিয়ার বাড়ির পাশের রাস্তা দিয়ে যাতায়াত করতে হতো। গত ২ মার্চ স্কুল থেকে ফেরার সময় পরিত্যক্ত একটি পুকুরের কাছে হোসেন তাকে পথরোধ করে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এরপর ভুক্তভোগী ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে একাধিকবার এই জঘন্য কাজ করে হোসেন।
শনিবার ভুক্তভোগী শিশুটি তার অভিভাবকের সঙ্গে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য গেলে আলট্রাসনোগ্রামে জানা যায়, সে ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এরপরই সে তার অভিভাবকদের কাছে ধর্ষণের ঘটনা প্রকাশ করে। শিশুটির বাবা বাদী হয়ে রোববার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর পুলিশ দুপুর ১টায় হোসেনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান জানান, “নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর আমরা দ্রুত হোসেন মিয়াকে গ্রেফতার করে কিশোরগঞ্জ আদালতে পাঠিয়েছি।” কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোশাররফ হোসেন জানান, আদালত অভিযুক্ত হোসেন মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।