মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত মেঘনা নদীর শীর্ষ নৌ-ডাকাত আক্তার সরকারকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লার তিতাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আক্তার সরকার গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ার সরকার বাড়ির আ. মজিদ সরকারের ছেলে। তার বিরুদ্ধে গজারিয়া, দাউদকান্দি, চাঁদপুরসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, মাদক, অপহরণসহ ২৭টি মামলা রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদী ও শাখা নদীতে নয়ন, পিয়াস ও আক্তার বাহিনীর সদস্যরা অবৈধ বালুমহাল পরিচালনা ও নৌযানে চাঁদাবাজি করে আসছে। গত এক বছরে নদীতে কয়েক দফা গোলাগুলিতে স্থানীয় কয়েকজন তাদের হাতে খুন হয়েছেন। তাদের ভয়ে এলাকার শতাধিক পরিবার গ্রাম ছাড়তে বাধ্য হয়েছে।
গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, রাতে আক্তার সরকারকে গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে।
র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, গত ২৫ আগস্ট বিকেল ৫টায় গজারিয়ার গুয়াগাছিয়া অস্থায়ী পুলিশ ক্যাম্পে নয়ন-পিয়াস ও আক্তারের নেতৃত্বে ৪০-৫০ জন ডাকাত ৪-৫টি ট্রলারে এসে পুলিশের ওপর ককটেল নিক্ষেপ ও চারদিক থেকে গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশের বাধার মুখে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়।
তিনি আরও বলেন, “আক্তার সরকার নয়ন-পিয়াস বাহিনীর অন্যতম সদস্য এবং মেঘনার শীর্ষ নৌ-ডাকাত। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হামলায় ব্যবহৃত বিশেষ ইঞ্জিনচালিত নৌকা, পাঁচটি পিতলের নৌকার পাখা, দুটি চুম্বক, একটি বাইনোকুলার, একটি ছোরা এবং ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।”