রাজধানীর মুগদা থানার দক্ষিণ মান্ডায় আফরিন সুলতানা ওরফে দিবা (২৪) নামের এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গত বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ মান্ডা প্রথম গলির একটি ভবনের সপ্তম তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আফরিনের পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছেন তার স্বামী সাইফুল ইসলাম। তবে পুলিশ সাইফুলের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণ না করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা নিয়েছে এবং তাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার আলামত পাওয়া গেলে আত্মহত্যায় প্ররোচনার মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সাত বছর আগে আফরিনের সঙ্গে সাইফুল ইসলামের বিয়ে হয়। তাদের প্রায় দুই বছর বয়সী এক পুত্রসন্তান রয়েছে। সাইফুল সপরিবার দক্ষিণ মান্ডার একটি ভবনের সপ্তম তলায় ভাড়া বাসায় থাকতেন।
বুধবার আফরিনের সঙ্গে সাইফুলের ঝগড়া হয়। ওই দিন বিকেলে সাইফুল আফরিনের বাবার বাসায় গিয়ে বলেন, আফরিন সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। এরপর আফরিনের বাবা আনোয়ারুল ইসলাম মুগদা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
আফরিনের বাবা আনোয়ারুল ইসলাম বলেন, “বিয়ের পর জানতে পারি, সাইফুল বেকার ও মাদকাসক্ত। সংসার চালানোর জন্য আমার কাছ থেকে প্রতি মাসে টাকা নিতেন এবং নেশার টাকার জন্য আফরিনকে মারধর করতেন। তার অন্য নারীর সঙ্গেও সম্পর্ক ছিল।” তিনি অভিযোগ করেন, “আফরিনকে পিটিয়ে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছে সাইফুল।” তিনি আরও বলেন, সিলিং ফ্যানে ফাঁস নেওয়ার কথা বলা হলেও আফরিনের পায়ের পাতা খাটের ওপরে ছিল এবং লাশ উদ্ধারের সময় শোবার ঘরের দরজা খোলা ছিল।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান শুক্রবার সন্ধ্যায় বলেন, “আফরিনের মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে। তবে ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই। তাই সাইফুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা নেওয়া হয়েছে এবং তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার কারণ উল্লেখ থাকলে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে।”