এই ঘটনা ঘটেছে বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) বিকালে, সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্বাঞ্চলের সমুদ্র এলাকায়। মিয়ানমারের আরাকান রাজ্য থেকে প্রকাশিত অনলাইন সংবাদমাধ্যম ‘গ্লোবাল আরাকান নেটওয়ার্ক (জিএএন)’ এই খবর প্রকাশ করেছে।
জিএএন-এর প্রতিবেদনে বলা হয়, “আরাকানের সমুদ্রসীমায় বাংলাদেশ থেকে আগত ব্যক্তিরা অবৈধভাবে মাছ ধরা অব্যাহত রেখেছে। এই কারণে একদিনে ৫টি মাছ ধরার নৌকাসহ ৪০ জন জেলেকে আটক করা হয়েছে।” প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর প্রচেষ্টা সত্ত্বেও জেলেরা কেন অনুমোদন ছাড়া মিয়ানমারের জলসীমায় মাছ ধরতে যাচ্ছেন, এই সমস্যা সমাধানে আরাকান আর্মি কার্যকর পদক্ষেপ নিয়েছে। আটক জেলেদের আরাকান আর্মির কোস্টগার্ড আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে টেকনাফের সিনিয়র মৎস্য অফিসার দেলোয়ার হোসেন বলেন, “ঘটনার বিষয়ে আমি অবগত নই। খবর নিয়ে বিস্তারিত বলতে পারব।” এদিকে, টেকনাফ নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুল হক জানান, “ঘটনাটি শুনেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”