Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

দেশে প্রথমবারের মতো পাসপোর্ট সেবা চালু হলো নাগরিক সেবাকেন্দ্রে

 
পাসপোর্ট অফিসের বাইরে দেশে প্রথমবারের মতো উদ্যোক্তানির্ভর নাগরিক সেবাকেন্দ্রে পাসপোর্টের আবেদন ও নবায়ন সেবা চালু করেছে ‘নাগরিক সেবা’। রাজধানীর গুলশান-১ এ অবস্থিত নাগরিক সেবাকেন্দ্রে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

নিজের ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বর্তমানে নাগরিক সেবার আওতায় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম ও মৃত্যু নিবন্ধন, জাতীয় পরিচয়পত্রসহ মোট ৪০০টির বেশি সরকারি সেবা চালু রয়েছে, যা পাইলট ও লার্নিং প্রোগ্রামের আওতায় পরিচালিত হচ্ছে।

তিনি আরও জানান, চলতি মাসের শেষ নাগাদ গুলশান-১, উত্তরা সেক্টর ৬, নীলক্ষেত, রমনা, মোহাম্মদপুর ও বনশ্রী—এই ৬টি এলাকায় একযোগে ১০টি নাগরিকসেবা পাইলট চালু হবে। এর মধ্যে গুলশান-১, উত্তরা ও নীলক্ষেতের সেবাকেন্দ্রগুলো ইতোমধ্যে পুরোদমে চালু রয়েছে।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “নাগরিকদের হয়রানি ও সময় অপচয় কমাতে প্রতিটি সরকারি অফিসের সেবা এক প্ল্যাটফর্মে আনতে ‘ন্যাশনাল এপিআই কানেক্টিভিটি হাব’ তৈরি করা হচ্ছে। এতে আর ভিন্ন ভিন্ন সরকারি ওয়েবসাইটে গিয়ে আলাদাভাবে আবেদন করতে হবে না। এক জায়গা থেকেই সব সেবা মিলবে।”

তিনি আরও যোগ করেন, অতীতে যেসব মন্ত্রণালয়ের অনলাইন সেবা, ডিজিটাল সেন্টার ও আলাদা ‘ডিজিটাল আইল্যান্ড’ তৈরি করা হয়েছিল, নাগরিক সেবা সেগুলোকে আন্তঃসংযুক্ত (ইন্টারকানেক্টেড) ও আন্তঃকার্যকর (ইন্টারঅপারেবল) করবে। এভাবেই গড়ে উঠছে দেশের প্রথম সিটিজেন সার্ভিস কানেক্টিভিটি হাব, যা নাগরিকদের প্রয়োজনীয় সব সেবা এক জায়গায় এনে দেবে।