Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

নাটোরে ডা. আমিরুল হত্যা রহস্য উদ্ঘাটন: প্রতিশোধের জেরে গ্রেপ্তার সাবেক সহকারী

 নাটোরের জনসেবা হাসপাতালে ডা. এ এইচ এম আমিরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। হাসপাতালে কর্মরত এক নার্সকে কেন্দ্র করে ত্রিভুজ প্রেমের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় ডা. আমিরুলের বরখাস্তকৃত ব্যক্তিগত সহকারী আসাদুল আলী আসাদকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জনসেবা হাসপাতালে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।

গ্রেপ্তার আসাদুল আলী আসাদ বগুড়ার ধুনট উপজেলার এলাচ ফকিরের পাড় গ্রামের ইলিয়াস আকন্দের ছেলে। নিহত ডা. আমিরুল ইসলাম সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং জনসেবা হাসপাতালের মালিক ও পরিচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাতে ডা. আমিরুল নিজের হাসপাতালে অবস্থান করছিলেন। সোমবার সকাল ১০টার পর থেকে তার কক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় হাসপাতালের কর্মচারীরা উদ্বিগ্ন হন। দরজা ভেঙে তারা ডা. আমিরুলের গলাকাটা মরদেহ দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার রাতে ডা. আমিরুলের স্ত্রী তাসমিন সুলতানা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নাটোর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ প্রযুক্তির সহায়তায় বগুড়ার ধুনট উপজেলার এলাচ ফকিরের পাড় থেকে আসাদুল আলী আসাদকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে আসাদ জানায়, তিন বছর আগে তিনি জনসেবা হাসপাতালে চাকরি নেন। এ সময় হাসপাতালের এক নার্সের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং এ বছর তাদের বিয়ের কথা ছিল। কিন্তু ডা. আমিরুলের সঙ্গে ওই নার্সের সম্পর্কের বিষয় জানাজানি হলে গত ২৫ আগস্ট আসাদের সঙ্গে তার ঝগড়া ও হাতাহাতি হয়। এরপর ডা. আমিরুল আসাদকে চাকরিচ্যুত করেন। ক্ষুব্ধ আসাদ বগুড়ায় ফিরে ডা. আমিরুলের ওপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন।

আসাদ জানায়, তিনি বগুড়া থেকে একটি বোরকা ও দুটি চাকু কিনে নাটোরে আসেন। ৩১ আগস্ট রাতে বোরকা পরে হাসপাতালে প্রবেশ করে ডা. আমিরুলের বিশ্রাম কক্ষের খাটের তলায় লুকিয়ে থাকেন। রাত ১টার পর ডা. আমিরুল ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়লে আসাদ খাটের তলা থেকে বের হয়ে তাকে গলা কেটে হত্যা করেন। ভোর ৪টার দিকে বোরকা পরে হাসপাতাল থেকে পালিয়ে বগুড়ায় ফিরে যান।

পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, আসাদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নার্সকে কেন্দ্র করে ত্রিভুজ প্রেমের কথা স্বীকার করেছেন। প্রতিশোধের উদ্দেশ্যেই তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। হত্যায় ব্যবহৃত দুটি চাকু সিংড়া উপজেলার রাস্তার পাশ থেকে উদ্ধার করা হলেও বোরকাটি নদীতে ফেলে দেওয়ায় উদ্ধার করা যায়নি। তদন্তের স্বার্থে জড়িত অন্যদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।