Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

তাহিরপুরে ভর্তি টাকা নিয়ে উধাও অফিস সহকারী, ৩৩ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

সুনামগঞ্জের তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শাখার অফিস সহকারী কৌশিক পাল একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের টাকাসহ বিদ্যালয়ের লক্ষাধিক টাকা নিয়ে উধাও হয়েছেন। শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তির জন্য টাকা নিলেও তিনি সেগুলো জমা দেননি, ফলে ৩৩ জন শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, কৌশিক পাল দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত। জুয়ায় হেরে তিনি তাহিরপুর বাজারের বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে লাখ লাখ টাকা ধার করেছেন। অনেকেই তাকে টাকার জন্য খুঁজছেন। শিক্ষার্থীদের ভর্তির টাকা নিয়ে আবেদন না করার বিষয়টি ফাঁস হওয়ার পর তিনি গা-ঢাকা দিয়েছেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৫ সালে এসএসসি ফল প্রকাশের পর কৃতকার্য শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেন। কৌশিক পাল ৩৩ জন শিক্ষার্থীর ভর্তি আবেদনের দায়িত্ব নেন এবং তাদের ভর্তি নিশ্চিত করার শতভাগ আশ্বাস দেন। তিনি প্রত্যেকের কাছ থেকে ৭৫০ টাকা করে নেন। প্রথম ধাপে ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট, দ্বিতীয় ধাপে ২৩ থেকে ২৫ আগস্ট এবং তৃতীয় ধাপে ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি আবেদন চলে। কিন্তু কোনো শিক্ষার্থীর মোবাইলে ভর্তি সংক্রান্ত কোনো বার্তা আসেনি। বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে অবহিত করেন।

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজাহারুল ইসলাম সিলেট শিক্ষা বোর্ডে যোগাযোগ করেন এবং জানতে পারেন যে ৩৩ জন শিক্ষার্থীর জন্য কোনো আবেদনই জমা পড়েনি। ফলে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এই শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এছাড়া, কৌশিক পাল গত ১৫ দিন ধরে ভর্তির টাকাসহ বিদ্যালয়ের বিভিন্ন ফান্ডের লক্ষাধিক টাকা নিয়ে পলাতক রয়েছেন। বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের সোনালি সেবার ১৮ হাজার টাকাও তিনি নিয়েছেন বলে জানা গেছে।

শিক্ষার্থী মোর্শেদা আক্তার আলো ও তাসমিয়া আক্তার তৃণা জানান, “কৌশিক পাল আমাদের ভর্তির দায়িত্ব নিয়েছিলেন এবং প্রত্যেকের কাছ থেকে ৭৫০ টাকা নিয়েছেন। কিন্তু তিনি আমাদের কারো আবেদন নিশ্চিত করেননি, এমনকি আবেদন করেছেন কি না তাও সন্দেহ।”

কৌশিক পাল ভর্তি আবেদনের বিষয়ে ভুল স্বীকার করলেও টাকা নিয়ে পলাতক হওয়ার বিষয়ে কোনো সদুত্তর দেননি। তিনি ফোন কেটে দেন। প্রধান শিক্ষক মাজাহারুল ইসলাম বলেন, “গত বছরও কৌশিক পাল অনেক শিক্ষার্থীর আবেদন সম্পন্ন করেছিলেন। এবার আমি নতুন দায়িত্ব নিয়েছি। তিনি বলেছিলেন, ভর্তির বিষয়ে চিন্তার কিছু নেই। কিন্তু সিলেট বোর্ডে খোঁজ নিয়ে জানলাম, কোনো আবেদনই জমা হয়নি।”

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি মেহেদী হাসান মানিক বলেন, “কৌশিক পালকে ডেকে আনা হয়েছে। তিনি শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করার অঙ্গীকার করেছেন। ব্যর্থ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”