Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: আবু সাঈদ হত্যা, লক্ষ্মীপুরে গণহত্যা ও আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ১৭ আসামি ট্রাইব্যুনালে হাজির

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত রংপুরে আবু সাঈদ হত্যা, লক্ষ্মীপুরে পাঁচজনের গণহত্যা এবং আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মোট ১৭ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার সকালে আসামিদের প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়।

রংপুরে আবু সাঈদ হত্যা

২০২৪ সালের ১৬ জুলাই জুলাই গণঅভ্যুত্থানের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। এই মামলায় ৩০ জন আসামির মধ্যে চারজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন—সাবেক এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম এবং ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আকাশ।

গত ৩০ জুন ট্রাইব্যুনাল এই মামলার অভিযোগ আমলে নেয় এবং ২৬ জন পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ১৩ জুলাই ট্রাইব্যুনাল পলাতক ২৪ আসামির বিরুদ্ধে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়। প্রসিকিউশন জানিয়েছে, পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন এবং আমির হোসেন ও সুজন চন্দ্র রায় সরাসরি এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। শরিফুল ইসলাম ও ইমরান চৌধুরী আকাশ এই ঘটনায় সহায়তা ও উসকানি দিয়েছেন।

বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এই মামলার শুনানি পরিচালনা করছে। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, আব্দুস সাত্তার পালোয়ান এবং বি এম সুলতান মাহমুদ।

লক্ষ্মীপুরে গণহত্যা

জুলাই-আগস্ট আন্দোলনের সময় লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনের হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়। এই মামলায় তিন আসামি—লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম—কে সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ট্রাইব্যুনাল-২ এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান।

আশুলিয়ায় ছয় লাশ পোড়ানো

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর তাদের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিরা হলেন—ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম, ততকালীন ওসি এএফএম সায়েদ, ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন, এসআই মালেক এবং কনস্টেবল মুকুল।

গত ২ জুলাই ট্রাইব্যুনাল এই মামলার অভিযোগ আমলে নেয় এবং সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলামসহ আটজন পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। প্রসিকিউশন ১৭৩ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এই মামলার শুনানি পরিচালনা করছে।