Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

মাগুরায় সাপের কামড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

 মাগুরায় সাপের কামড়ে শাওন শিকদার (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত রোববার (২৭ জুলাই) রাতে সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শাওন শ্রীকান্তপুর গ্রামের বাদশাহ শিকদারের ছেলে এবং আমুড়িয়া কারিগরি মহাবিদ্যালয় থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। তাঁর চাচাতো ভাই জহির শিকদার আজ সোমবার সকালে জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশে শাওনকে সাপে কামড় দেয়। এরপর তাঁকে প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে আরেক ওঝার কাছে নেওয়া হয়। কিন্তু সময়ের সঙ্গে শাওনের শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। রাত সাড়ে ১১টার দিকে তাঁকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিতসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিতসা কর্মকর্তা (আরএমও) মামুনুর রশীদ বলেন, “হাসপাতালে আনার আগেই শাওনের মৃত্যু হয়েছিল। শুনেছি, তাঁকে আগে ওঝার কাছে নেওয়া হয়েছিল। আমাদের হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত আছে।”

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।