প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম মাইক্রোবাসটির গতিবিধি ও আচরণে সন্দেহ হলে মহাসড়কে গাছ ফেলে সেটিকে থামান স্থানীয়রা। গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের র্যাব সদস্য পরিচয় দিলেও তাদের কারও গায়ে ইউনিফর্ম না থাকায় সন্দেহ আরও বেড়ে যায়। তারা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে মারধর শুরু করেন।
ঠিক তখনই ঘটনাস্থলে পৌঁছায় দ্বিতীয় মাইক্রোবাসটি। এতে ছিলেন র্যাবের প্রকৃত সদস্যরা। তাদেরও অনেকে সাদাপোশাকে থাকায় উত্তেজিত জনতা তাদেরও ভুয়া সদস্য ভেবে মারধর করে। পরে স্থানীয় থানা থেকে পুলিশ ও র্যাব সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষকে উদ্ধার করেন। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আমীরুল ইসলাম জানান, জনতার হাত থেকে প্রকৃত ও ভুয়া র্যাব সদস্যদের উদ্ধার করে থানায় নেওয়া হয়। রাত সাড়ে আটটার দিকে ফরিদপুর র্যাব ক্যাম্পের সদস্যরা তাদের নিয়ে মুন্সিগঞ্জের শ্রীনগর থানার উদ্দেশে রওনা হন। ধৃত ব্যক্তিরা হলেন—ফরিদপুরের দিদার (২৯), গাইবান্ধার মো. সাইফুল ইসলাম (৩০), চাঁদপুরের মিন্টু গাজী (৪৫), মাদারীপুরের মো. জামিল (৩২) এবং শরীয়তপুরের স্বপন খান (৪৫)।
র্যাব সূত্রে জানা গেছে, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খালিশখালি এলাকার স্বর্ণ ব্যবসায়ী জয়দেব আধ্য (৫৩) ও তার ভাই বিশ্বনাথ আধ্য (৫৭) ঢাকার তাঁতিবাজার থেকে জুয়েলারি তৈরির যন্ত্রপাতি সংগ্রহ করে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ বাসে সাতক্ষীরার উদ্দেশে রওনা দেন। সন্ধ্যা ৬টার দিকে বাসটি জয় বাংলা মোড়ে পৌঁছালে একটি মাইক্রোবাস এসে সেটির গতি রোধ করে। কালো জ্যাকেট ও ক্যাপ পরা ৩-৪ জন ব্যক্তি বাসে উঠে নিজেদের র্যাব পরিচয় দিয়ে দুই ভাইকে জোরপূর্বক নামিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। তাদের চোখ বেঁধে ভয়ভীতি দেখিয়ে মারধর করা হয় এবং তাদের কাছে থাকা ২,৭০০ টাকা ও যন্ত্রপাতি ছিনিয়ে নেওয়া হয়।
ঘটনার সময় স্থানীয়রা মাইক্রোবাস ঘেরাও করে ভাঙচুর করেন। মো. সাইফুল ইসলাম ও স্বপন খান পালানোর চেষ্টা করলে তারা জনতার হাতে ধরা পড়ে মারধরের শিকার হন। র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম বলেন, “র্যাব-১০ এর হেডকোয়ার্টার থেকে একটি টিম প্রতারকচক্রকে ধাওয়া করে আসছিল। সাদাপোশাকে থাকা সদস্যদের দেখে স্থানীয়রা ভুল বুঝে ফেলেছিল।”
র্যাব-১০ মুন্সিগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেন বলেন, “ভুয়া র্যাব সদস্যদের মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে ধাওয়া করে ফরিদপুর পর্যন্ত নিয়ে আসা হয়। তারা পদ্মা সেতু পার হয়ে এক্সপ্রেসওয়ের টোল দিয়ে বেরিয়ে গেলেও শেষ পর্যন্ত ধরা পড়ে।”
তিনি আরও বলেন, “জনগণ যাতে ভুয়া র্যাব সদস্যদের পিটিয়ে ফেলেন না, সেই আশঙ্কায় আমরা তাদের বাঁচানোর চেষ্টা করি। কিন্তু স্থানীয়রা আমাদেরও প্রথমে ভুয়া র্যাব ভেবে ভুল করেন। এ নিয়ে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও তা গুরুতর নয়।” এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ ও র্যাবের দ্রুত পদক্ষেপে বড় ধরনের বিপদ এড়ানো গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।