রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিতসাধীন আরও চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। সোমবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
নিহত চার শিক্ষার্থী হলেন—এরিকসন (১৩), আরিয়ান (১৩), নাজিয়া (১৩) এবং সায়ান ইউসুফ (১৪)। ডা. শাওন জানান, এরিকসনের শরীরের ১০০ শতাংশ, আরিয়ানের ৮৫ শতাংশ, নাজিয়ার ৯০ শতাংশ এবং সায়ান ইউসুফের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে বিভিন্ন ওয়ার্ড ও আইসিইউতে ৪২ জন চিকিতসাধীন রয়েছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা ২০ উল্লেখ করেছে। এছাড়া পরিচয় শনাক্ত হওয়ায় আটজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার রাত দেড়টার দিকে আইএসপিআর এ তথ্য জানায়। তবে রাত ৮টার বিজ্ঞপ্তিতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিহতের সংখ্যা দুইজন উল্লেখ করা হলেও, পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ আরও সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করে।
রাত সাড়ে ১০টার দিকে ডা. শাওন জানান, চিকিতসাধীন মাহেরীন চৌধুরী (৪০) ও আফনান (১৪) মারা গেছেন। এছাড়া রাত দেড়টার দিকে তিনি জানান, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ সামিন (১৪) মারা গেছেন।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বিভিন্ন হাসপাতালে ভর্তি আহত ও নিহতের তথ্য উল্লেখ করা হয়। তথ্য অনুযায়ী:
কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮ জন, নিহত নেই।
জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০ জন, নিহত ২।
ঢাকা মেডিকেল: আহত ৩ জন, নিহত ১।
সিএমএইচ-ঢাকা: আহত ১৭ জন, নিহত ১২।
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: আহত ১ জন, নিহত ২।
লুবনা জেনারেল হাসপাতাল, উত্তরা: আহত ১১ জন, নিহত ২।
উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০ জন, নিহত ১।
উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১ জন, নিহত নেই।
প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার পর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে বিমান ও ভবনে আগুন ধরে যায়। ভবনে থাকা বহু শিক্ষার্থী হতাহত হন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। উত্তরা ও আশপাশের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার করে। পরে বিজিবি ও সেনাবাহিনী উদ্ধার অভিযানে যোগ দেয়। বিমান বাহিনীর হেলিকপ্টারে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়।