নওগাঁ জেলা জজ আদালতের গারদখানায় কর্তব্যরত পুলিশের বিরুদ্ধে আসামির সঙ্গে দেখা করতে টাকা নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা অভিযোগ করছে, টাকা না দিলে আসামিদের সঙ্গে দেখা করা বা কথা বলার কোনো সুযোগই দেওয়া হয় না।
ঘটনাস্থলে প্রমাণও মিলেছে টাকা লেনদেনের। জেলার বিভিন্ন এলাকা থেকে আটককৃত আসামিদের প্রথমে গারদখানায় আনা হয়। সেখানে তাদের আত্মীয়স্বজন দেখা করতে এলে, দায়িত্বরত পুলিশ ২০০ টাকার বিনিময়ে ১০ মিনিট এবং ৫০০ টাকার বিনিময়ে যতক্ষণ ইচ্ছা দেখা করার সুযোগ দেয়। খাবার দেওয়ারও শর্ত টাকার বিনিময়েই।
পত্নীতলা উপজেলার মোস্তফা বলেন, ‘জমি সংক্রান্ত মামলায় ৪ জন আটক আছে। দেখা করতে জনপ্রতি ১ হাজার টাকা দিতে হয়।’ সাপাহার উপজেলার নূরনবীর ভাই জানান, ‘২০০ টাকা দিয়ে মাত্র ১০ মিনিট পর পুলিশ সময় শেষ ঘোষণা করে। আরও কথা বলতে চাইলে ৫০০ টাকা দিতে হয়।’
গারদখানার দক্ষিণ পাশের বারান্দায় ধূমপান করতে দেখা গেছে এক বন্দীকে। তিনি জানান, ‘পুলিশকে ৫০০ টাকা দিয়েছি। তখনই খাবার ও কথা বলার সুযোগ পাই।’ এএসআই আলমঙ্গীর হোসেন টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আসামিদের সঙ্গে দেখা করার জন্য আমরা কোনো টাকা নেই। এসব অভিযোগ মিথ্যা।’
পুলিশ পরিদর্শক এ.কে.এম নূরুল ইসলাম বলেন, ‘কোনো নিয়ম নেই টাকা নেওয়ার। মানবিক খাতিরে শুকনা খাবার ও পানি দেওয়া হয়। কিন্তু ধূমপান নিষিদ্ধ। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, ‘আমার কাছে অভিযোগ আসলে ব্যবস্থা নেওয়া হবে।’