সরকার পতনের পর আত্মগোপনে থাকা এই তিন আসামিকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে তদন্ত কর্মকর্তা ডিবি ইন্সপেক্টর আব্দুল্লাহেল বাকী আদালতে ফোনসেটগুলোর ফরেনসিক পরীক্ষার জন্য আবেদন করেন। আদালতের অনুমতি সাপেক্ষে মোট সাতটি ফোনসেট সিআইডির ল্যাবে পাঠানো হয়, যার মধ্যে পলকের তিনটি (একটি আইফোন ফিফটিন প্রো এবং দুটি স্যামসাং এস টুয়েন্টিফোর আল্ট্রা), টুকুর দুটি (একটি নোকিয়া বাটন ফোন ও একটি স্যামসাং গ্যালাক্সি এম ফোরটিন) এবং সৈকতের দুটি (একটি আইফোন ও একটি ডোকোমো ৫জি মডেল) ফোনসেট রয়েছে।
মামলার নথি অনুসারে, ২০২৪ সালের ২০ জুলাই পল্টন থানায় দায়েরকৃত রিকশাচালক কামাল মিয়া হত্যা মামলায় এই ফোনসেটগুলো জব্দ দেখানো হয়। তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, “আসামিরা সরকার ও দলীয় পলিসি মেকার এবং ক্যাডার ছিলেন। হত্যাকাণ্ডের হুকুমদাতাসহ জড়িত অন্য আসামিদের শনাক্তকরণের জন্য ফোনের ডিজিটাল ফরেনসিক পরীক্ষা অত্যন্ত জরুরি।”
জানা যায়, জুলাইয়ে আন্দোলন তীব্র হলে শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনী ও মন্ত্রী-এমপিদের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করেন। ইন্টারনেট বন্ধের নির্দেশনা দিতে তিনি পলকের সঙ্গে একাধিকবার কথা বলেন এবং টুকু ও সৈকতের কাছে বিশেষ বার্তা পাঠান। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যাল ও ভাইবারের মাধ্যমে এই যোগাযোগ হয়। তবে গ্রেফতারের পর আসামিরা তাদের ফোন থেকে সব ডাটা মুছে ফেলেন, এমনকি অ্যাপসগুলোও ডিলিট করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, ফরেনসিক পরীক্ষার মাধ্যমে মুছে ফেলা ডাটা, যেমন—ছবি, ভিডিও, খুদে বার্তা, গোপনীয় অ্যাপস, ই-মেইল এবং তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতার তথ্য উদ্ধার করা সম্ভব। ২০২২ সালের এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী, এসব ডিজিটাল তথ্য বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে গৃহীত হয়।
তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহেল বাকী বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী ফরেনসিক পরীক্ষা চলছে। রিপোর্টে প্রাপ্ত তথ্য চার্জশিটে উল্লেখ করা হবে।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রসিকিউটরিয়াল টিমের উপদেষ্টা অ্যাডভোকেট এহসানুল হক সমাজি বলেন, “জুলাই হত্যা মামলায় ডিজিটাল তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো মামলার সঙ্গে সম্পৃক্ত হলে বিচারে ম্যাটেরিয়াল ফ্যাক্টস হিসেবে বিবেচিত হবে।”
তদন্তসংশ্লিষ্টরা ফরেনসিক রিপোর্টের বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি। তবে এই পরীক্ষার ফলাফল মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।