Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

শাহরাস্তিতে সিগারেট দোকানে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার মালামাল ও নগদ টাকা

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঠাকুরবাজারে মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজে সংঘটিত ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে ৫৬৫ প্যাকেট সিগারেট, ৫টি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার ৫০০ টাকা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

গ্রেফতার হওয়া ডাকাতরা হলেন:

  • আব্দুল মালেক আকন (৬০), পশ্চিম পাড়া, কেরানীগঞ্জ, ঢাকা

  • মো. সোহেল রানা ওরফে শাওন (৩৯), মাশখাল, কুমারখালী, কুষ্টিয়া

  • মো. সাহাব উদ্দিন ওরফে সাবু (৩২), মুন্সিপাড়া, আশুলিয়া, ঢাকা

  • অপর এক আসামির নাম তদন্তের স্বার্থে প্রকাশ করা হয়নি

পুলিশ জানায়, ৮ জুলাই গভীর রাতে ঠাকুরবাজারের পাটোয়ারী এন্টারপ্রাইজে দুর্বৃত্তরা নাইটগার্ডকে বেঁধে ফেলে এবং প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরদিন প্রতিষ্ঠানটির মালিক ইমরান হোসেন শাহরাস্তি থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটির তদন্তে নামে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুতফুর রহমানের তত্ত্বাবধানে শাহরাস্তি থানা পুলিশ। এরপর গোপন তথ্য, সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার চাঁদপুর, লক্ষ্মীপুর, গাজীপুর ও ঢাকায় অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, ইতোমধ্যে ৭ জন ডাকাত সদস্যকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে ৩ জনের বিরুদ্ধে ঢাকায় ডাকাতির মামলা রয়েছে। তাদেরকেও চাঁদপুরের মামলায় অন্তর্ভুক্ত করা হবে।

গ্রেফতারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের চাঁদপুর আদালতে পাঠানো হবে।

প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।