বুধবার (২৩ জুলাই) দেশের ছয় বিভাগের বিস্তীর্ণ অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাঙামাটিতে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অনেক জায়গা থেকে প্রশমিত হতে পারে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, “বৃহস্পতিবার সাগরে লঘুচাপের সম্ভাবনা রয়েছে। এটি নিম্নচাপেও পরিণত হতে পারে। এর প্রভাবে বৃষ্টি বাড়তে পারে।” আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, “প্রথম দিকে উপকূলে বেশি বৃষ্টি হবে। এরপর উত্তরাঞ্চলেও ভারি বৃষ্টি হতে পারে।”