Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

উত্তরার মাইলস্টোন বিমান বিধ্বস্ত: শিক্ষিকা পূর্ণিমা দাসের বক্তব্যে গুজবের জবাব

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা যাচাই-বাছাইয়ের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ঘটনার প্রত্যক্ষদর্শী এবং আগুনে পুড়ে যাওয়া হায়দার আলী ভবনের শিক্ষিকা পূর্ণিমা দাস তার ফেসবুক পোস্টে এসব গুজবের জবাব দিয়েছেন।

পূর্ণিমা দাস তার পোস্টে লিখেছেন, “ভুল তথ্য ছড়াবেন না। আমিও আগুনের মধ্যে আটকা পড়েছিলাম। আমার চেয়ে বেশি ফেসবুকবাসী জানবেন না, তাই না?” তিনি জানান, স্কুলের ক্লাস দুপুর ১টায় শেষ হয়। এর এক-দুই মিনিট পর তিনি স্কাই সেকশনে ঢুকে দেখেন, সেখানে মাত্র একজন শিক্ষার্থী দাঁড়িয়ে ছিল। বাকি সবাই ক্লাস শেষ করে চলে গিয়েছিল। তবে কিছু শিক্ষার্থী অভিভাবক না আসায় স্কাই সেকশনে ফিরে এলে আরেকজন শিক্ষক তাদের অন্য সেকশনে নিয়ে যান। তবুও পাঁচ-ছয়জন শিক্ষার্থী স্কাই সেকশনে ফিরে আসে, যাদের মধ্যে কয়েকজনকে হারানো গেছে। তিনি বলেন, “কেউ হয়তো করিডোরে খেলছিল, কেউ সিঁড়িতে ছোটাছুটি করছিল।”

পূর্ণিমার বক্তব্য অনুযায়ী, ক্লাউড সেকশন স্কাই সেকশনের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সেকশনে শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক বেশি ছিল। শিক্ষিকা মাহরীন চৌধুরী, মাসুকা এবং মাহফুজা শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে নিজেরাই দগ্ধ হন। মাহরীন ও মাসুকা প্রাণ হারান, আর মাহফুজা বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন। ক্লাউড সেকশনের পাশে ময়না সেকশনে কিছু শিক্ষার্থী আহত হলেও কেউ মারা যায়নি। তবে ময়নার পাশে দোয়েল সেকশনের একজন শিক্ষার্থী মারা গেছে। টিউবরোজ ও ওয়াটারলিলি সেকশনের সব শিক্ষার্থী নিরাপদে আছে। দ্বিতীয় তলার দুটি শ্রেণিকক্ষ এবং একটি শিক্ষক কক্ষ পুড়ে গেছে, যেখানে ১০ থেকে ২০ জন শিক্ষার্থী ছিল।

পূর্ণিমা আরও জানান, হায়দার আলী ভবনের সামনে, দোলনায় এবং করিডোরে থাকা শিক্ষার্থীর সংখ্যা অনুমান করা কঠিন। অনেকের শরীর পুড়ে ছাই হয়ে যাওয়ায় কিছু লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্প্রতি সামাজিক মাধ্যমে কিছু ব্যবহারকারী দাবি করেছেন, নিহত শিক্ষার্থীদের লাশ ‘গুম’ করা হচ্ছে। এই দাবির জবাবে পূর্ণিমা দাস ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা শিক্ষক, রাজনীতিবিদ নই। একটা বাচ্চাকে বাঁচাতে না পারলেও তার লাশ অন্তত বাবা-মায়ের কাছে পৌঁছে দিতে সর্বাত্মক চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “আপনাদের কোনো ধারণা নেই এই শিক্ষকরা কীভাবে বাচ্চাদের আগলে রাখে। প্রতিদিন ছুটির সময় মাহরীন মিস গেটের সামনে দাঁড়িয়ে অভিভাবকদের হাতে বাচ্চাদের বুঝিয়ে দেন। একটা বাচ্চাও না গেলে তিনি সরে দাঁড়ান না।” গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, “নিহতের সংখ্যা সামনে বাড়বে, আপনাদের বাড়াতে হবে না। আসুন, আমরা প্রার্থনা করি প্রতিটি ফুলের জন্য যারা অকালে ঝরে গেল—আমাদের শিক্ষক, স্টাফ আর ছোট ছোট শিক্ষার্থীদের জন্য।”