দণ্ডিত মোবারক হোসেন সাগরের বাড়ি মোহনগঞ্জ উপজেলার নাগডড়া গ্রামে। তার বাবার নাম আব্দুস সাত্তার। তিনি তার মা মনোয়ারা বেগমের সঙ্গে একই উপজেলার বাহাম পশ্চিমপাড়া গ্রামে নানার বাড়িতে বসবাস করতেন। রায় ঘোষণার সময় সাগর আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, সাগর বখাটে ও নেশায় আসক্ত ছিলেন। সাংসারিক কাজকর্ম ও নেশা সেবন নিয়ে প্রায়ই তার মা মনোয়ারা বেগমের সঙ্গে ঝগড়া হতো। ২০২২ সালের ২৪ অক্টোবর বিকাল সাড়ে ৩টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে সাগর বসতঘরে তার মায়ের গলায় প্লাস্টিকের রশি প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
এ ঘটনায় মনোয়ারা বেগমের ছোট ভাই ইউনুস মিয়া বাদী হয়ে মোহনগঞ্জ থানায় সাগরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। আসামির জবানবন্দি, ১০ জন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক সাগরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলাটি ঘটনার প্রায় তিন বছরের মধ্যে নিষ্পত্তি হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল হাসেম, এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. আবুল বাশার।