এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে কিশোরীর বাবা নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, সাকিব দীর্ঘদিন ধরে একই গ্রামের ওই কিশোরীকে উত্যক্ত করে আসছিল। বারবার প্রেমের প্রস্তাব দিলেও কিশোরী তা প্রত্যাখ্যান করে। এতে ক্ষুব্ধ হয়ে সাকিব কৌশলে তার অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দেয়। সাকিব দাবি করেছে, তার সঙ্গে ওই কিশোরীর বিয়ে হয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৪ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে ‘আরএস সাকিব চৌধুরী’ নামের একটি ফেসবুক আইডি থেকে কিশোরীর ছবি ও মানহানিকর পোস্ট প্রকাশ করা হয়।
এ বিষয়ে সাকিব হোসেন বলেন, “গ্রামের সবাই জানে আমার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে। আমি ফেসবুকে কোনো খারাপ কিছু দিইনি। একটা কারণে বিয়ে হচ্ছে না, তাই থানায় অভিযোগ করা হচ্ছে। আমার কিছুটা ভুল হয়েছে।”
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, “অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনা স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে। সামাজিক মাধ্যমে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের এই ঘটনা নিয়ে তীব্র সমালোচনা চলছে।